২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামুতে প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ ছিল’

ঘটনাস্থল ঘুরে দেখার পর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধিরা এই ‘পর্যবেক্ষণ’ তুলে ধরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

কক্সবাজার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসন যাথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মনে করে তিনটি বেসরকারি সংস্থা। ঘটনাস্থল ঘুরে দেখার পর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধিরা বলেছেন, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বরের ওই সাম্প্রদায়িক সন্ত্রাস ছিল পরিকল্পিত। বুধবার সকালে কক্সবাজারের পৌরসভা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “ঘটনার দিন আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসন দায়িত্ব পালনে এক প্রকার ব্যর্থ ছিল।” বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সাম্প্রদায়িক হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। ক্ষমতাসীন ও বিরোধী দল হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করে বক্তব্য দেয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আস্থা ফেরার পরিবর্তে অনাস্থা ও নিরাপত্তাহীনতার জন্ম হচ্ছে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে। আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামাল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মঙ্গলবার রামুর বিভিন্ন ক্ষতিগ্রস্ত বসতি ঘুরে দেখেন। ‘ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে পর্যাবেক্ষণ’ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপাসনালয়সহ প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই যখন ধর্মান্ধ ষড়যন্ত্রকারীরা সভা ও মিছিল করছিল তখন স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যখন সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে তখন আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ কিংবা ঘটনার ব্যাপকতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ঘটনায় আইন শৃঙ্খলা-বাহিনী ও প্রশাসনের কি ভূমিকা ছিল সেটা প্রশ্নবিদ্ধ।” তিনি বলেন, এ ধরনের ‘নৃশংসতা ও ভয়াবহতা’ আকস্মিক কোনো ঘটনা নয়, এটি পূর্ব পরিকল্পিত। “এই হামলা, লুঠতরাজ ও অগ্নি সংযোগ শুধু বৌদ্ধ সম্প্রদায়ের ওপরই নয়, এ ঘটনা আমাদের জাতিসত্ত্বার ওপরে আঘাত।” সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৌদ্ধ বিহারগুলো থেকে লুণ্ঠিত ঐতিহাসিক ও অমূল্য সম্পদগুলো উদ্ধার হয়নি। ওই ঘটনায় দায়ের করা মামলাগুলোর সন্তোষজনক কোনো অগ্রগতিও হয়নি। কক্সবাজারের ঘটনার পর থেকেই ক্ষমতাসীন ও বিরোধী দল হামলার ইন্ধনদাতা হিসাবে পরস্পরকে দায়ী করে বক্তব্য দেয়ায় সত্য চাপা পড়ে ‘রাজনৈতিক ফায়দা হাসিলের’ পথ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন সরকারের ইতিবাচক পদক্ষেপ বলে আমরা মনে করি। তবে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করার যে প্রবণতা আমরা লক্ষ্য করছি, তাতে আমরা আশঙ্কা করছি, এর ফলে প্রকৃত সত্যকে আড়াল করে রাজনৈতিক ফায়দা হাসিলের যে সুযোগ সৃষ্টি করা হচ্ছে তা ক্ষতিগ্রস্ত মানুষের মনে আস্থা ফিরিয়ে আনার পরিবর্তে অনাস্থা ও নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে।” ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হামলার ঘটনায় স্থানীয় সাংসদ ও বিএনপি নেতা লুৎফুর রহমান কাজলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রী বলেন, “উনি (কাজল) এখানে আধ ঘণ্টা ছিলেন। রাত ১২টায় চলে যান। তারপরই এ ঘটনা ঘটে। আগে এর জবাব দিতে হবে। তিনি কি বলে গিয়েছিলেন, যাতে এই আগুন দেয়া হলো।” তবে এ অভিযোগ অস্বীকার করে কাজলের দল বিএনপি বলে আসছে, সরকারের উস্কানিতেই রামুতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, রামুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য অবশ্যই তদন্তকে প্রভাবিত করবে। ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণের ভিত্তিতে সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেন তিন সংস্থার প্রতিনিধিরা। তাদের দাবিগুলো হলো- বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, আইনশৃংখলা বাহিনী ও জনপ্রশাসনের দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্থদের নিরাপত্তাসহ সব সম্প্রদায়ের সহাবস্থান ও সম্প্রীতি পুণঃপ্রতিষ্ঠা, ক্ষয়ক্ষতির যথাযথ মাত্রা নিরূপন করে ক্ষতিগ্রস্তদের পরিপূর্ণ পুনবার্সনের ব্যবস্থা ও লুট হওয়া ধর্মীয় পুরার্কীতি উদ্ধার ও স্থাপনাগুলো পুনর্নির্মাণ করে দেয়া। অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন ড. হামিদা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায় ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবাহারী দাশ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.