ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু অভিযোজন ও প্রশমনে নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে আগামী ১৫ অক্টোবর সারা দেশে গ্রামীণ নারী দিবস উদযাপিত হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
জাতীয় কমিটির সভাপতি স্বপন গুহ এতে মূল বক্তব্য উপস্থাপন করেন।
কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল আকন্দ জানান, ২০০০ সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গ্রামীণ নারী দিবস পালন করছে। সেই ধারাবাহিকতায় এ বছরও দেশের ৫৮টি জেলায় দিবসটি পালিত হবে।
দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, নারী অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ু অভিযোজন ও প্রশমনে নারীর অংশগ্রহণের দাবি তুলুন’।
প্রতিপাদ্য নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে আয়োজকরা বলেন, সব ধরনের বিপর্যয়েই নারীদের তুলনামূলক বেশি দুর্ভোগ পোহাতে হয়। সন্তানসহ পরিবারের সদস্যদের কারণে তারা এককভাবে নিরাপদ আশ্রয়ের কথা ভাবতে পারেনা। তাই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিতে নারী, বিশেষ করে গ্রামীণ নারীই বিশেষভাবে বিপন্ন্। তাই জলবায়ু অভিযোজন প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করতে হবে।
’৯১ সালের জলোচ্ছ্বাসে নিহতদের মধ্যে ২০ থেকে ৪৪ বছরের নারীই ছিল ৭১ শতাংশ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির সহ-সভাপতি শামীমা আক্তার, সদস্য ফিরোজা বেগম, আসিফ ইকবাল ও নাহিদা সুলতানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৫৮ ঘ.
bdnews24