ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তীতে ইতিহাস বিকৃতির মাধ্যমে বঙ্গবন্ধুকে ‘নির্বাসনে’ পাঠানোর চেষ্টার সঙ্গে জড়িতদের ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) প্রকাশিত ‘বঙ্গবন্ধু সহজপাঠ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যে জাসদ সভাপতি এই আখ্যা দেন।
ইনু বলেন, “পঁচাত্তরে নির্মম হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুকে ২১ বছর বাংলাদেশ থেকে নির্বাসনে রাখা হয়েছিল। ’৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়েছিল।
“যারা বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করেন, তারা বাংলাদেশের কুলাঙ্গার। ভবিষ্যতে তারা যেন আর বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
‘বঙ্গবন্ধু সহজ পাঠ’র মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম বঙ্গবন্ধুকে সঠিকভাবে জানতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনাচরণ নিয়ে নিজের মূল্যায়নও তুলে ধরেন জাসদ সভাপতি।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএফপি’র মহাপরিচালক একেএম শামীম চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহীন মনোয়ারা হক, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী।
‘বঙ্গবন্ধু সহজপাঠ’ বইটি রচনা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সংসদ সদস্য বেবী মওদুদ এর সার্বিক তত্ত্বাবধান ও পরিমার্জন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৩৭ ঘ.
bdnews24