ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নেওয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে হলমার্কের এমডি তানভীর ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে দুদক কার্যালয়ে আনা হয়।
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ১১ মামলার মধ্যে তিনটি মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে জিজ্ঞাসাবাদে ২৪ দিনের হেফাজতে পাঠায় আদালত।
এ ছাড়া অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক।
আসামিদের মধ্যে সাত জন হলমার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
সোমবার আদালতে হাজির করার আগে দুদক কার্যালয়ে তানভীর ও তুষারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদের পর দুদকের তদন্ত দলের প্রধান মীর জয়নুল আবেদীন শিবলী জানান, জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা তদন্তে কাজে লাগবে।
তানভীর জিজ্ঞাসাবাদের অর্থ কেলেঙ্কারির দায় শিকার করেছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/১৪১৯ ঘ.
bdnews24