ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় বিরোধী দলীয় সংসদ সদস্যকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, “তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগেই রামুর ঘটনায় বিরোধী দলীয় সাংসদকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কাণ্ডজ্ঞানহীন ও লজ্জাজনক।”
ওই হামলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার পাল্টা অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “কারা বৌদ্ধ বিহারে হামলা করেছে তা গণমাধ্যমের সংবাদে বেরিয়ে এসেছে। আমরা মনে করি, ক্ষমতাসীন দলের হামলাকারীদের আড়াল করে অন্যের ঘাড়ে দোষ চাপাতেই প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য রেখেছেন।”
সোমবার রামুতে হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শনের পর স্থানীয় খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক সম্প্রীতি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হামলার জন্য বিরোধী দলের স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজলকে দোষারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিরোধী দলীয় নেতা এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছেন। কিন্তু আমি বলব, যখন প্রশাসনসহ সকলে মিলে সবাইকে শান্ত করার চেষ্টা করল, তখন স্থানীয় সংসদ সদস্য এসে কী করলেন।”
“উনি এখানে আধ ঘণ্টা ছিলেন। রাত ১২টায় চলে যান। তারপরই এ ঘটনা ঘটে। আগে এর জবাব দিতে হবে। তিনি কী বলে গিয়েছিলেন যাতে এই আগুন দেয়া হলো,” প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
হামলার পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপি দলীয় স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও।
তবে কাজল এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য নাকচ করে বলেছিলেন, “তার বক্তব্য অবিবেচনাপ্রসূত, বালখিল্যসুলভ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টাপ্রসূত।”
কাজলের দল বিএনপি অভিযোগ করে আসছে, সরকারের উস্কানিতেই রামুতে হামলার ঘটনা ঘটে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “অন্যের ঘাড়ে দোষ চাপাতে স্থানীয় সাংসদকে প্রধানমন্ত্রী দোষারোপ করে বক্তব্য রেখেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে, ওই হামলার ঘটনার পিছনে রাষ্ট্র ও সরকারের প্রশাসনের মদদ ছিল।”
“প্রধামন্ত্রী বিরোধী দলের ভাবমূর্তি বিনষ্ট করতেই রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তার এহেন বক্তব্যের আমরা ধিক্কার জানাই।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা চালানো হয়। হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় অন্তত সাতটি মন্দির এবং ৩০টি বাড়ি ও দোকান।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ২০ থেকে ২৫টি জেলায় সোমবার বিএনপি নেতাকর্মীদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
রিজভী বলেন, “গাইবান্ধা, পটুয়াখালীসহ ২০/২৫টি জেলায় সোমবারের বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ। আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। অনেকে আহত হয়েছেন। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি।”
১০ অক্টোবরের কর্মসূচি স্থগিত
জিহাদ দিবসের কারণে আগামী ১০ অক্টোবর ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে রুহুল কবির রিজভী জানিয়েছেন।
তিনি বলেন, “সরকারের দুর্নীতি ও নির্যাতনের প্রতিবাদে ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত বুধবারের দেশব্যাপী মহানগর-জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি জিহাদ দিবসের কারণে স্থগিত করা হয়েছে।”
এইচএম এরশাদের সামরিক শাসন আমলে ১৯৮৯ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে নিহত হন জিহাদ।
রিজভী বলেন, জিহাদ দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/১৪১২ ঘ.
bdnews24