২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হচ্ছে

ইন্ডিয়া টিভি গড়পেটায় ‘জড়িত’ যে ছয়জন আম্পায়ারকে দেখিয়েছে, তার মধ্যে নাদির শাহও রয়েছেন; তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এই বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 06:39 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটে ম্যাচ গড়পেটার যে অভিযোগ ভারতের এক টেলিভিশন চ্যানেল তুলেছে, তা নাকচ করেছেন বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ। সোমবার ইন্ডিয়া টিভিতে প্রচারিত গোপন ক্যামেরায় ধারণ করা চিত্র দেখিয়ে বলা হয়, নাদির শাহসহ ছয়জন আম্পায়ার অর্থের বিনিময়ে মাঠে সিদ্ধান্ত দিতে কিংবা বিভিন্ন তথ্য আগেভাগে সরবরাহে রাজি ছিলেন। এটি প্রচার হওয়ার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইসিসি জানিয়েছে, তারা এই অভিযোগ তদন্ত করবে। ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাদির শাহর পাশাপাশি পাকিস্তানের আম্পায়ার নাদিম ঘুরি ও আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেসানায়েকে, মরিস ওয়াটসন ও সাগারা গালাগে ম্যাচ গড়পেটায় রাজি ছিলেন। ইন্ডিয়া টিভির সাংবাদিক ছদ্মবেশে ওই আম্পায়ারদের প্রলোভন দেখিয়ে সাড়া পান বলে টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়। গত জুলাই-অগাস্ট মাসে একটি কোম্পানির প্রতিনিধির নাম করে আম্পায়ারদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই সাংবাদিকরা। তবে ভিডিওচিত্রে নাদির শাহর সঙ্গে কথোপকথনের যে অনুলিপি ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে রয়েছে, তাতে অর্থের বিনিময়ে তার রাজি হওয়ার বিষয়টি স্পষ্ট নয়। নাদির শাহর মতো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও বাজিয়ে দেখেছিল ইন্ডিয়া টিভি, তবে তিনি কোনো অনৈতিক প্রস্তাবে রাজি হননি বলে টেলিভিশনটি জানায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পরপরই আম্পায়ারদের নিয়ে এই অভিযোগকে আইসিসি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এনিয়ে জরুরি ভিত্তিতে একটি তদন্ত হবে বলে আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে। তদন্তের জন্য তথ্য দিয়ে সহযোগিতা করতে ইন্ডিয়া টিভির প্রতিও আহ্বান জানানো হয়েছে। তবে আইসিসি একইসঙ্গে জানিয়েছে, যে আম্পায়ারদের নাম এসেছে, তাদের কেউই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা পরিচালনার কোনো দায়িত্বে ছিলেন না। খেলা পাতানোর এই অভিযোগ প্রত্যাখ্যান করে নাদির শাহ রয়টার্সকে বলেন, “এটি আমার চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা।” শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের খেলা পরিচালনার জন্য এজেন্টের মাধ্যমে চুক্তি করতে দিল্লি যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, “আমি যখন দেখলাম তারা দুর্নীতিগ্রস্ত, তখন আমি সরে এসেছি। তাই শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে আমি যোগ দেইনি।” “ম্যাচ পাতানোর কোনো ঘটনায় আমি জড়িত ছিলাম না,” বলেন এক সময়ের খেলোয়াড় নাদির শাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০০৩৪ ঘ.