গাইবান্ধা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট ভাইকে হত্যার ১৫ মাসের মাথায় বড় ভাইকেও হত্যা করল দুর্বৃত্তরা।
রোববার রাতে মিন্টু মিয়া (৪৫) নিখোঁজ হন। সোমবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নিজ গ্রাম বিশ্বনাথপুরে তার জবাই করা লাশ পাওয়া যায়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিন্টু মিয়া গত রোববার বগুড়ার সারিয়াকান্দি থেকে নিজ গ্রাম বিশ্বনাথপুর ফিরছিলেন। কিন্তু সেদিন তিনি বাড়ি ফেরেননি।
সোমবার সকালে বিশ্বনাথপুরের শাঁকপালা মরানদীর ধারে তার জবাই করা লাশ পাওয়া যায়।
পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, প্রায় ১৫ মাস আগে সারিয়াকান্দি এলাকায় মিন্টুর ছোটভাই পল্টুকেও জবাই করে হত্যা করা হয়। ওই মামলার বাদী ছিলেন মিন্টু মিয়া।
সোমবার ওই মামলায় মিন্টুর আদালতে হাজিরার দিন ছিল। এ কারণে তাকে হত্যা করাহয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মিন্টু মিয়া জিনের বাদশা প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য ছিলেন। এই টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কোন্দলেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
মিন্টু বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চকরতিনাথ গ্রামের প্রয়াত আব্দুস ছাত্তারের ছেলে। ২০/২৫ বছর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দুর্গাপুর গ্রাম থেকে বিয়ে করে পাশের বিশ্বনাথপুর গ্রামে বসবাস শুরু করেন। গত শনিবার তিনি পুরনো বাড়ি সারিয়াকান্দি যান। সেখান থেকে রোববার বগুড়ায় ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে নিখোঁজ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৫৪৫ ঘ.
bdnews24