২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংসদ কী বললেন, যাতে হামলা হল’

বিএনপির স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন শেখ হাসিনা; দলীয় নেতাদের বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি করতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

সুমন মাহবুব কক্সবাজার, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে উগ্রপন্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও ঘরবাড়ি দেখে সে দিনের ঘটনায় বিএনপিদলীয় স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ বসতিতে হামলার এক সপ্তাহ পর সোমবার প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সহায়তা তুলে দেয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে এই ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন তিনি। আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন, সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি করতে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সকালে ঢাকা থেকে রামুতে পৌঁছানোর পর শেখ হাসিনা প্রথমেই ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দিরগুলো পরিদর্শন করেন। তিনি একে একে সীমা বৌদ্ধ বিহার, রাখাইন বৌদ্ধ মন্দির, লাল চিং, সাদা চিং, রামু মৈত্রী বিহার ও অপর্ণা মৈত্রী বিহারে যান। বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি। পরে রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার আওয়ামী লীগ আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন শেখ হাসিনা। সমাবেশে তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছেন। কিন্তু আমি বলব, যখন প্রশাসনসহ সকলে মিলে সবাইকে শান্ত করার চেষ্টা করল, তখন স্থানীয় সংসদ সদস্য এসে কী করলেন? “উনি এখানে আধ ঘণ্টা ছিলেন, রাত ১২টায় চলে যান। তারপরই এ ঘটনা ঘটে। আগে এর জবাব দিতে হবে। তিনি কী বলে গিয়েছিলেন, যাতে এই আগুন দেয়া হল।” সরকার এরইমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দোষী ব্যক্তিদের অবশ্যই খুঁজে বের করা হবে। রামুতে হামলার পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপি দলীয় স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও। তবে কাজল এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছিলেন, ওই বক্তব্য প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টাপ্রসূত। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে কাজল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে। ঘটনার দিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে সহযোহিতা করতেই তিনি গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। সম্প্রীতি সমাবেশের শুরুতেই শেখ হাসিনা বলেন, “এটা দুঃখজনক ঘটনা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখানে এসেছি। এখানে যা ঘটেছে তা সহ্য করা যায় না। ইসলামের নাম দিয়ে যারা এই হামলা করেছে, তারা ধর্মে কিংবা মানবতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘তারা’ এ রকম হীন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ‘এ রকম ঘটনা ঘটিয়ে’ ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, “এটা কে করল অবশ্যই আমরা খুঁজে বের করব। আমরা এর মধ্যেই অনেক তথ্য পেয়েছি।” “ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব,” বলেন তিনি। তারপরও কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সরকারকে তদন্তে সহযোগিতা করার জন্য রামুবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। এখনো যারা বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের হুমকি দিচ্ছে- তাদের চিহ্নিত করতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। । স্কুল মাঠের এই অনুষ্ঠানের এক পর্যায়ে সীমা বৌদ্ধ বিহারের প্রধান সত্যপ্রিয় মহাথেরো বক্তব্য রাখেন। শেখ হাসিনা এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সত্যপ্রিয় বলেন, “আমরা হতবাক, আমাদের কিছু বলার নেই।” সবার ‘শান্তিপূর্ণ সহাবস্থানই’ শান্তি ফিরিয়ে আনতে পারে বলেও তিনি মন্তব্য করেন। স্থানীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা সালাউদ্দিন মোহাম্মদ তারেক অনুষ্ঠানে বলেন, “ইসলাম সব সময় সম্প্রীতির কথা বলে। হযরত মুহাম্মদ (স.) বলেছিলেন, যে সাম্প্রদায়িক- সে আমার দলভুক্ত নয়।” “আল্লাহর পবিত্র বাণী বিকৃত করা হয়েছে বলেই এখন এই অবস্থা,” বলেন এই ইমাম। ফেইসবুকে যারা অবমাননাকর ছবি সংযুক্ত করায় এই হামলার ঘটনা ঘটেছে, তাদের খুঁজে বের করারও দাবি জানান সালাউদ্দিন। এ বিষয়ে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, “প্রযুক্তি ব্যবহার করে যে উন্মাদনা সৃষ্টি করা হল, তা গ্রহণযোগ্য নয়।” শত বছরের পুরনো এসব বৌদ্ধ নিদর্শন শুধু ধর্মীয় নয়, বাংলাদেশের সংস্কৃতিরই অংশ বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যাতে আর কখনো এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে- সেজন্য সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আপনারা শান্তি বজায় রেখে চলবেন, কারো প্ররোচনায় একে অপরের ক্ষতি করবেন না।” সমাবেশে প্রধানমন্ত্রী মোট ২ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকার চেক, ৩০৭ বান টিন, ৩৫ দশমিক ৬২ মেট্রিক টন চাল, ২৪৭টি কম্বল, ১০৭ সেট পোশাক ও ২৯ সেট বই ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেন। এছাড়া সম্প্রীতি সমাবেশে যোগ দেয়ার আগে তিনি যেসব বৌদ্ধ মন্দিরে যান, সেসব মন্দিরের ভিক্ষুদের চিবর দান করেন। রামু থেকে বেলা ১টার দিকে কক্সবাজারে ফিরে যান প্রধানমন্ত্রী। কক্সবাজার ডাক বাংলোয় প্রথমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথেরো, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সভাপতি হাজী আবদুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল, বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। ‘ সাবধান থাকুন’ রামুতে বৌদ্ধদের ওপর যে হামলা হয়েছে, সেই ধরনের ঘটনা আবার ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে কোনো চেষ্টা ঠেকাতে কক্সবাজারের জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে নিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেয়ার পরামর্শও দেন তিনি। ঈদুল আজহা ও দুর্গাপূজার আগে বৌদ্ধ বিহারের হামলার মতো সাম্প্রদায়িক সন্ত্রাস যেন না ঘটে, সেজন্য প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আগামীতে আপনাদের সতর্ক থাকতে হবে।” “সামনে অনেক খেলা হতে পারে,” যোগ করেন তিনি। যারা এখনো রামুর বৌদ্ধদের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতেও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সিরাজুল হক খান, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ্র ২৯ সেপ্টেম্বরের ঘটনা এবং প্রশসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলায় নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী প্রধানমন্ত্রীকে বলেন, হামলায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি করুন’ রামুর মতো ঘটনা এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠনের তাগিদ দিয়ে তাতে সব ধর্মের মানুষের সম্মিলন ঘটাতে আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দেন শেখ হাসিনা। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, সেজন্য দলের নেতাদের সতর্ক থাকতেও বলেন তিনি। রামুর হামলা নিয়ে বিরোধীদলীয় নেতার দেয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বিরোধীদলীয় নেতা বললেন, ‘আওয়ামী লীগ ঘটিয়েছে’। ঘটনা ঘটিয়ে মিথ্যা অপবাদ দেয়ায় তারা পারদর্শী।” সভার শুরুতে ২৯ সেপ্টেম্বরের ঘটনা প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সামনে তুলে ধরেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামুর উপজেলা চেয়ারম্যান সোহেল সারোয়ার কাজল। তিনি বলেন, “আমরা যখন পরিস্থিতি কিছুটা শান্ত করে নিয়ে এসেছিলাম, তখন বিএনপির স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এলেন। “তিনি এসে আমাদের মঞ্চে উঠলেন এবং উপস্থিত জনতার উদ্দেশে বললেন, ‘আমি রাজনীতি করতে আসিনি। আমি আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এসেছি’। এরপর তিনি চলে গেলেন। তারপরই দেখতে পেলাম পূর্ব দিকের আকাশ লাল।” সভায় কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা জাসদের সভাপতি নাইমুল হক টুটুল এবং ওয়ার্কার্স পার্টির নেতা হাজী বশিরুল আলমও বৈঠকে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/এমআই/২২৩০ ঘ.