গাজীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মানুয়ায়ী পাওনা না মিটিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছে এক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার সন্ধ্যায় চান্দনা-চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের প্যাসিফিক কারখানার শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেয় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
কারখানার ছাঁটাই হওয়া শ্রমিক মো. হাসনাত সাংবাদিকদের জানান, পাওনা পরিশোধ না করে গত এক মাসে কর্তৃপক্ষ প্রায় ১২০ জন শ্রমিককে ছাঁটাই করেছে।
বিকাল ৫টায় ছাঁটাই করা সব শ্রমিকের বকেয়া বেতনসহ শ্রম আইন নিয়মানুয়ায়ী পাওনাদি পরিশোধের কথা জানায় কর্তৃপক্ষ। কিন্তু তারপরই কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনী দিয়ে তাদেরকে কারখানা থেকে বের করে দেয়।
শ্রমিকরা বাইরে এসে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ আগামী ৯ অক্টোবর সকলের পাওনা বুঝিয়ে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায় বলে জানান হাসনাত।
কারখানার উৎপাদন ব্যবস্থাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, অপরদিকে ৪০ শ্রমিক চাকরি ছেড়ে চলে গেছেন।
তাদের পাওনাদি আগামী ৯ অক্টোবর দেয়া হবে বলে জানান মিজানুর।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করতে না পারায় পাওনা পরিশোধ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৪৬ ঘ.
bdnews24