২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ফরহাদ খান হত্যা মামলার রায় ১১ অক্টোবর

সাংবাদিক ফরহাদ খান ও তার স্ত্রী হত্যা মামলায় আগামী ১১ অক্টোবর রায়ের তারিখ ঠিক করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ফরহাদ খান ও তার স্ত্রী হত্যা মামলায় আগামী ১১ অক্টোবর রায়ের তারিখ ঠিক করেছে আদালত। এ মামলায় দুই দিন যুক্তিতর্ক শুনানি শেষে রোববার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান রায়ের এই তারিখ ঠিক করেন। ওই আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। গত বছরের ২৮ জানুয়ারি বিকালে রাজধানীর ৭৭ নয়া পল্টনের বাসার দ্বিতীয় তলার শয়নকক্ষে দৈনিক জনতার জ্যেষ্ঠ সহসম্পাদক ফরহাদ খান ও তার স্ত্রী রাহিমা খাতুনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফরহাদের ছোট ভাই ‘বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদনা সহকারী আবদুস সামাদ খান বাদি হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে ইমনের দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করে তার বন্ধু রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে রাজুও হত্যার দায় স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘বখাটে’ ইমন তার মামা-মামীর কাছে টাকা চেয়ে প্রত্যাখ্যাত হয়ে ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে ফরহাদের মোবাইল ফোন, স্বর্নালঙ্কার ও টাকা উদ্ধার করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ৩৩ জনের সাক্ষ্য নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২০২ ঘ.