রংপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় মিলনপুর ইউনিয়নের খামার মকিমপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী রাশেদাকে আশঙ্কাজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ রাশেদার শ্বশুর লিয়াকত আলী ও শাশুড়ি পেয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে। রাশেদার স্বামী ইকবাল হোসেন ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন।
রাশেদার পরিবারের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িগ্রামের কচাকাটা গ্রামের মনসুর আলীর মেয়ে রাশেদার সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় ইকবালের। এক বছর আগে তাদের বিয়ে হয়।
বিয়ের ছয় মাস পর থেকেই যৌতুকের জন্য রাশেদাকে নির্যাতন করা শুরু করে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী কেরোসিন ঢেলে রাশেদার গায়ে আগুন ধরিয়ে দেয়।
ওসি বলেন, তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24