২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস: চক্রের সন্ধান চায় পিএসসি

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের একদিন পর এ অনুরোধ জানিয়েছে সরকারি চাকরিতে নিয়োগে মূল দায়িত্বে থাকা এ প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিষয়ে তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষা স্থগিত করার একদিন পর রোববার এ অনুরোধ জানাল প্রতিষ্ঠানটি। এক তথ্যবিবরণীতে বলা হয়, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনার সঙ্গে জড়িত জালিয়াত চক্রের কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্ট জালিয়াত চক্র সম্পর্কে তথ্য, উপাত্ত বা কথিত প্রশ্নপত্র ফাঁসের কোন আলামত কারো কাছে থাকলে তা সরকারি কর্ম কমিশনকে সরবরাহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছিল। তবে পিএসসির পক্ষ থেকে এ ধরনের অভিযোগকে গুজব বলে দাবি করা হয়। অবশ্য শেষ পর্যন্ত পরীক্ষা শুরুর একদিন আগে শনিবার তা স্থগিত করা হয়। তথ্যবিবরণীতে আরো বলা হয়, স¤প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন এবং সরকারের বিশেষ সংস্থার নিকট থেকে পাওয়া তথ্য ৬ অক্টোবর অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় পর্যালোচনা করা হয়েছে। এরপর এ বিষয়ে প্রার্থীদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা কমিশন স্থগিত করে। ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ২৮ হাজার নয়শ’ ১৭ জন অংশ নেয়ার কথা। গত ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৯৩ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বিসিএসের মাধ্যমে চার হাজার ২০৬টি শূন্য পদে কর্মকর্তা নির্বাচন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এএল/১৯১৭ ঘ.