চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধদের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত বলে মনে করছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের নেতারা।
এই ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাস উগ্রপন্থীরা আবারো ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। ওই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে হামলার শিকার বৌদ্ধ বসতি ঘুরে এসে রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘাতক-দালাল নির্মূল কমিটি।
কমিটির উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, “হামলাকারীরা কতটা শক্তিশালী তা বোঝা যায় স্বরাষ্ট্রমন্ত্রী ফিরে আসার পর আবার উখিয়া, টেকনাফে হামলার মধ্য দিয়ে। ধরপাকড়ের পরও তারা ভীত নয়, মনে হচ্ছে তারা ঐক্যবদ্ধ।”
যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য এই হামলা হয়েছে বলে মনে করছে ঘাতক-দালাল নির্মূল কমিটি। এই ঘটনায় জামায়াতে ইসলামীর ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক গাজী সালেহ উদ্দিন।
সংবাদ সম্মেলনে কক্সবাজারের এসপি, এএসপি, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
গাজী সালেহ আহমেদ বলেন, “সন্ধ্যা থেকে মিছিল হলেও হামলা হয়েছে রাত দেড়টার দিকে। তখন পুলিশের কোনো কোনো সদস্য তা উস্কে দিয়েছে।”
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার বলেন, ঘটনার সময় কক্সবাজার সার্কেলের এএসপি বাবুল আখতারের ভূমিকা নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে।
লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শওকত বাঙ্গালী বলেন, সেনাবাহিনী ও বিজিবির অবস্থান সত্ত্বেও রামুর বাসিন্দাদের শঙ্কা কাটেনি।
স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা গ্রেপ্তার বাণিজ্যে জড়িয়ে পড়েছে।
“সোমবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন রামু ভাঙা রাস্তাঘাট সংস্কারে ব্যস্ত হয়ে পড়েছেন,” বলেন শওকত বাঙ্গালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এফএস/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24