গাজীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানাকে ২৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার শ্রীপুর উপজেলার গিলাবেরাইদ এলাকায় আরগন ডেনিমস লিমিটেডকে এ জরিমানা করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর আকস্মিক কারখানাটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম। এ সময় কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) আংশিক বন্ধ পাওয়া যায়।
এছাড়া কারখানার নির্গত তরল বর্জ্যরে নমুনায় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ছিল শূন্য, যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
দূষিত এ তরল বর্জ্য গিয়ে পড়ছে শীতলক্ষ্যা নদীতে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রোববার সকালে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আলম চৌধুরীর কাছ থেকে এ জরিমানা আদায় করেন।
এছাড়া কারখানার বর্জ্য পরিশোধনাগার সার্বক্ষণিকভাবে পরিচালনার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১২ ঘ.
bdnews24