রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগ নিয়ে গঠিত বি-ইউনিটের দ্বিতীয় শিফটের (জোড় রোল) পরীক্ষার প্রশ্নপত্রে অন্তত ১০টি ভুল ছিল বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত চলা ওই ইউনিটের প্রশ্নপত্রের পাঁচ নম্বর সেটের ইংরেজি অংশের ১০টি প্রশ্নে এ ভুল ধরা পড়ে বলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এই ভুলের কথা জানালেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। ভুলের কথা স্বীকার করলেও তা তাৎক্ষণিকভাবে শুধরে দেয়া হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ভর্তিপরীক্ষায় অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুল প্রশ্নপত্রকে কেন্দ্র করে প্রায় ১০ মিনিট পরীক্ষা বন্ধ রেখে ভুল সংশোধন করা হয়। কিন্তু এজন্য শিক্ষার্থীদের অতিরিক্ত কোনো সময় দেয়া হয়নি।
শিক্ষার্থীরা জানান, আইন অনুষদের দ্বিতীয় শিফটের পাঁচ নম্বর সেটের ১ নম্বর প্রশ্নে (ফ) দুইবার উলে¬খ করা হয়েছে। মূলত সেখানে (ফ)এর পরিবর্তে (প )হবে। প্রশ্ন নম্বর ১৩ এর পর ক্রমানুযায়ী ১৪ হওয়ার কথা। কিন্তু সেখানে ক্রমিক নম্বর ১৪ এর জায়গায় ৪০ লেখা হয়েছে।
একই রকমভাবে ক্রমিক নম্বর ৩৪ এর পর ৩৫ হওয়ার কথা থাকলেও সেখানেও ৩৪ লেখা ছিল। এছাড়া ওই সেটে ৩৬ থেকে ৪০ নম্বর প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তরের মধ্যে প্রত্যেকটির (ধ) একই উত্তর লেখা হয়েছে। এ নিয়ে খুব বড় ধরনের সমস্যায় পড়তে হয় বলে পরীক্ষার্থীরা জানায়।
এই সব ভুল ধরা পড়লে ১০ মিনিট পরীক্ষা বন্ধ রেখে নতুন করে প্রশ্ন তৈরি করে দেয়া হয়। তবে নতুন প্রশ্ন তৈরি করার পর অনেক হলে তা পৌঁছে দিতে দেরি হওয়ায় সেগুলোর উত্তর দিতে পারেনি অনেক পরীক্ষার্থী।
নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, “আমাদের কাছে যদি সময় মতো ভুলের সংশোধনী পৌঁছে দেয়া হত, তাহলে আমাদের জন্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেয়া সহজ হত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো আমাদের কাছে যথাসময়ে পৌছে দিতে ব্যর্থ হয়েছে।”
ভুল পাঁচটি প্রশ্নের সবাইকে নম্বর দেয়ার দাবি্ও জানান ওই শিক্ষার্থী।
প্রশ্নপত্রে ভুল থাকার কথা স্বীকার করে আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ্র রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ভুলগুলো ছিল তা তাৎক্ষনিকভাবে সংশোধন করে সব পরীক্ষার হলে যথাসময়ে তা পৌঁছে দেয়া হয়।”
এজন্য অতিরিক্ত সময় দেয়া হয়নি বলে তিনি জানান।
বি ইউনিটে ২৪ হাজার ৬৩১ পরীক্ষার্থী অংশ নেয়। ওই ইউনিটে দুপুর ১টা থেকে ২টা এবং বিকাল ৪টা থেকে ৫টা- এই দুই শিফটে পরীক্ষা নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১০৫ ঘ.
bdnews24