বেনাপোল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবশের অভিযোগে নয় মাস কারাভোগের পর শনিবার দেশে ফিরেছে পাঁচ বাংলাদেশি জেলে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্থান্তর করে বলে বিজিবি জানিয়েছে।
এরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার মোস্তফা জমাদার (২৮), নুরুল ইসলাম (৩০), বাগেরহাটের শরণখোলার জাকির খান (৩২), খুলনার ডুমুরিয়ার শিবপদ বিশ্বাস (৩৫) এবং বরগুনার পাথরঘাটার হিরু খান (৩১)।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তারা ভারতীয় জলসীমানায় ঢুকে পড়েছিলেন বলে বিজিবিকে তারা জানিয়েছেন।
বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার এম আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের জানুয়ারিতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার বিকল হয়ে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়লে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।
তারা ভারতের আলীপুর সেন্ট্রাল জেলে নয় মাস কারাভোগ করেন। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তারা ফিরে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24