খুলনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে শত্র“ বিমান ও জাহাজ বিধ্বংসী কামানবাহী যুদ্ধজাহাজ।
চীনের নকশা ও কারিগরি সহায়তায় নির্মিত এই পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজটি সোমবার বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
আগামী বছরের ফেব্র“য়ারির মধ্যে এ ধরনের আরেকটি পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজ নৌবাহিনীকে দেওয়া হবে বলে তারা জানায়।
খুলনা শিপইয়ার্ডের উপ-মহাব্যবস্থাপক (অর্থ) কমোডর মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় এই পেট্রোল ক্রাফট যুদ্ধ জাহাজের নির্মাণকাজ উদ্বোধন করেন।
চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে নৌবাহিনীকে এ ধরনের পাঁচটি জাহাজ সরবরাহ করা হবে।
এ পাঁচটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২৮৮ কোটি টাকা।
জাহাজটির গতিবেগ হবে ঘণ্টায় ২৩ নটিকাল মাইল (প্রায় ৩৭ মাইল)। এটি ৫০ দশমিক ৪ মিটার লম্বা ও ৭ দশমিক ৫ মিটার চওড়া।
কমোডর মতিউর রহমান আরো বলেন, প্রায় ৭৫০ টন ওজনের এই যুদ্ধজাহাজে প্রতিপক্ষের বিমান ও জাহাজ বিধবংসী ৩৭ মিলিমিটারের দু’টি কামান এবং শুধু বিমান বিধবংসী ২৫ মিলিমিটারের আরো দু’টি কামান থাকবে।
তিনি জানান, প্রতিটি জাহাজ নির্মাণে গড়ে ৫৮ কোটি টাকা ব্যয় হবে। কিন্তু বিদেশ থেকে এই মানের একটি জাহাজ কিনতে ব্যয় হতো প্রায় ১০০ কোটি টাকা।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর আর ইউ আহমেদ বলেন, জাহাজ নির্মাণের অভিজ্ঞতা আগে থেকেই শিপইয়ার্ডের ছিল। এছাড়া এখানে অভিজ্ঞতাসম্পন্ন জনশক্তিও রয়েছে।
তিনি বলেন, “নৌবাহিনীর জন্য বর্তমানে দু’টি লার্জ পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজ চীনে তৈরি হচ্ছে। আগামীতে আমরা দেশেই এ ধরনের জাহাজ নির্মাণ করতে পারব।”
এছাড়া চায়না শিপবিল্ডিং অ্যান্ড অবসো কোম্পানির কারিগরি সহায়তা থেকে শ্রমিকদের অর্জিত অভিজ্ঞতা দিয়ে বিদেশের চাহিদা মোতাবেক যুদ্ধজাহাজও এখানে নির্মাণ করা সম্ভব হবে, বলেন এমডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24