২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামুতে হামলায় ব্যবহৃত ট্রাকের মালিক রোহিঙ্গা’

রামুতে উপাসনালয় এবং বৌদ্ধদের ওপর হামলায় ব্যবহৃত একটি ট্রাক সীতাকুণ্ড থেকে আটক করা হয়েছে, যার মালিক একজন রোহিঙ্গা বলে স্থানীয়রা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কক্সবাজার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে উপাসনালয় এবং বৌদ্ধদের ওপর হামলায় ব্যবহৃত একটি ট্রাক সীতাকুণ্ড থেকে আটক করা হয়েছে, যার মালিক একজন রোহিঙ্গা বলে স্থানীয়রা জানিয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে ট্রাকটি আটক করা হয় বলে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের সঙ্গে এর চালকের সহযোগী মো. রমজান আলীকেও আটক করা হয়েছে। রামু ও সীতাকুণ্ড থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে বলে জানান পুলিশ সুপার। ট্রাকটির মালিক কক্সবাজার শহরের বৈদ্যেরঘোনা এলাকার বাসিন্দা মো. জাকারিয়া বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানায়, জাকারিয়া মিয়ানমারের রোহিঙ্গা। ১৯৭৮ সালে কক্সবাজার এসে বসবাস শুরু করেন তিনি। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। স্থানীয় উগ্রপন্থীদের পাশাপাশি ট্রাকে চড়ে এসে একদল যুবক হামলা চালায় বলে হামলার শিকার বৌদ্ধরা জানিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই হামলার বিষয়ে নিজের অনুসন্ধান তুলে ধরে। তারা বলেছেন, রোহিঙ্গা ইস্যুটিতে ঘোলাটে করা এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল বলে তারা জানতে পেরেছে। বৌদ্ধ বসতিতে হামলা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা না নেয়ার সমালোচনার মুখে প্রত্যাহার করা হয় রামু থানার তৎকালীন ওসি নজরুল ইসলামকেও। প্রশাসনের গাফিলতি ছিল কি না, তা তদন্তেও কমিটি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৪০৮ ঘ.