কুড়িগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভূমিহীন এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুল করিম (৫২) ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ভূমিহীন কৃষক ও কৃষাণী ফেডারেশনের সভাপতি ছিলেন।
রেলওয়ের পরিত্যক্ত সম্পত্তির দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে শনিবার সকালে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ভুরঙ্গামারী থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালিশের কথা বলে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে আনার পর পাইকের ছড়ার চৌরাস্তা মোড়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর লাশ ফেলে চলে যায়।
“পাইকের ছড়ার আব্দুর রহিম তাকে জয়মনিরহাট এলাকার বাড়ি থেকে ডেকে আনায় জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।
ওসি জানান, হত্যাকাণ্ডের পর থেকে রহিম পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভূমিহীনের মধ্যে রেলওয়ের পরিত্যক্ত সম্পত্তি বন্দোবস্তের দাবিতে দীর্ঘদিন ধরে করিম আন্দোলন করে আসছেন। এ নিয়ে দখলদারদের সঙ্গে কয়েকদিন আগে দ্বন্দ্ব প্রকট হয়।
ময়না তদন্তের জন্য হাকিমের লাশ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৬ ঘ.
bdnews24