চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুস্কুনী এলাকায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত শুকুরদ্দী (৬৫) শিবগঞ্জের মোবারকপুর ইউনয়নের শিবনগর ত্রিমোহনী গ্রামের হাসু জোয়ার্দারের ছেলে।
শুক্রবার রাতে ‘অসামাজিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে শুকুরদির বন্ধুর ছেলেসহ এক দল তরুণের মারধরে ওই বৃদ্ধ মারা যান বলে পুলিশ জানিয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল হাসান জানান, রাত ৮টার দিকে পুস্কুনী এলাকায় শুকুরদী ও তার বন্ধু উমিয় মণ্ডলকে এক যৌনকর্মীর সঙ্গে থাকা অবস্থায় উমিয়র ছেলে ইমানী এবং তার সঙ্গী রজবুল ও রহমত ধরে ফেলে।
“এরপর মারধরের এক পর্যায়ে উমিয় পালিয়ে গেলেও শুকুরুদ্দীকে আটক করে পেটায় ওই তরুণরা। এতে ঘটস্থলেই তার মৃত্যু হয়,” বলেন ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় নিহতের ছেলে সেন্টু বাদী হয়ে উমিয় মণ্ডলসহ তার তিন ছেলেকে আসামি করে শনিবার সকালে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৩ ঘ.
bdnews24