২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ইউসুফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নেতা এ কে এম ইউসুফ ও এক বিএনপি নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

বাগেরহাট, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নেতা এ কে এম ইউসুফ ও এক বিএনপি নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে। অপর অভিযুক্ত হলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা মিঞা আব্বাস উদ্দিন। শুক্রবার বিকালে বাগেরহাটের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়। পুলিশ জানিয়েছে, ইউসুফের বিরুদ্ধে শরণখোলা উপজেলায় আরো ছয়টি মামলার তদন্ত হওয়ার কথা রয়েছে। জেলায় ৬৩টি যুদ্ধাপরাধ মামলার মধ্যে আটটিতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অপরদিকে মোরেলগঞ্জে একটি মামলায় মিঞা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্ত দলে রয়েছেন ট্রাইব্যুনালের সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক এম সানাউল হক, তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ ও ওবায়দুল্লাহ। মোরেলগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন সাংবাদিকদের বলেন, সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে শুক্রবার বিকালে এই তিনটি মামলায় সাক্ষ্য দিতে অন্তত ১৫ জন হাজির হয়েছেন। মামলার বরাত দিয়ে ওসি বলেন, এ কে এম ইউসুফ স্বাধীনতা যুদ্ধকালে খুলনা আনছার ক্যাম্পে রাজাকার বাহিনী গঠন করেন। তিনি তার গ্রামের বাড়ি শরণখোলা ও মোরেলগঞ্জে শতাধিক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা ও ঘরবাড়ি লুটপাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ আনা হয়েছে। অপরদিকে মিঞা আব্বাস উদ্দিন একাত্তর সালে আলবদর বাহিনীর খুলনা বিভাগীয় কমান্ডার ছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে মোরেলগঞ্জে হত্যা ও ঘরবাড়ি লুটপাটের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাট সার্কিট হাউজ সভাকক্ষে এম সানাউল হক এক মতবিনিময় সভা করেন। এতে সাংসদ মোজাম্মেল হোসেন, সাংসদ মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক শেখ কামরুজ্জামান, পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১০ ঘ.