২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যর্থ পুলিশ সদস্যদের গ্রেপ্তার করুন’

কক্সবাজারের বৌদ্ধ বিহারে হামলার ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করে এ দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কক্সবাজার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে হামলার ঘটনার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যদের গ্রেপ্তার দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান। শুক্রবার রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও এলাকা পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান। ড. মিজান বলেন, “সরেজমিনে পরিদর্শন করে আমি অবহিত হয়েছি অগ্নিকা-, ভাঙচুর, লুটপাটের আগেই মিছিল সমাবেশ হয়েছে। এটা প্রশাসনের প্রস্তুতি জন্য অনেক সময়। পুলিশ প্রশাসন বৌদ্ধ সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এতে পুলিশ ব্যর্থ নয়; চরমভাবে ব্যর্থ। তাই ওই দিন যারা দায়িত্বে ছিলেন তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত।” দুপুরে রামু পৌঁছে তিনি ক্ষতিগ্রস্ত লাল চিং, সাদা চিং, বড় ক্যাং, শ্রী কূল মৈত্রী বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন। গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য গোয়েন্দা সংস্থার অদক্ষতাকেও দায়ী করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। তিনি বলেন, ‘রামুতে সংঘটিত ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে প্রমাণিত হয়েছে। আমি মনে করি এরকম পূর্ব পরিকল্পিত ঘটনা সম্পর্কে যদি গোয়েন্দারা অবহিত না থাকেন, তবে ওটা গোয়েন্দাদের অদক্ষতা। তাহলে এই অদক্ষ বিভাগের পেছনে আমরা অর্থ ব্যয় করছি কেন?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫০ ঘ.