রংপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় শুক্রবার একটি চাতালে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন।
মিঠিপুর গ্রামে খলিলুর রহমানের ধানের চাতালে এ দুর্ঘটনায় নিহত কৃষ্ণচন্দ বর্মণ (৩৮) উপজেলার জ্যোতিডাঙ্গা গ্রামের প্রয়াত খগেনচন্দ্র বর্মণের ছেলে।
আহত শ্রমিক বেলাল হোসেন (২৫), তোতা মিয়া (৬০) ও ফিরোজা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি হাসান শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বয়লারটি পুরাতন হওয়ায় এই বিস্ফোরণ হয়েছে। এ ব্যাপারে চাতাল মালিককে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।
চাতাল শ্রমিক আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা চাতালে ধান সিদ্ধ করছিল। বেলা সাড়ে ৩টার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে কৃষ্ণের মৃত্যু হয়।
চাতাল মালিক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি দুঃখজনক। তিনি নিহতের পরিবারকে সাহায্য এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24