ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাটারা থানায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত মো. ইউসুফ আলী (২০) ভাটারার জোয়ার সাহারা এলাকার রিকশা গ্যারেজ মালিক আবদুর রব মুন্সীর ছেলে।
বৃহস্পতিবার রাতে জোয়ার সাহারার লিচুবাগান এলাকায় ইউসুফকে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশ জানায়।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) ত্রিপা সিন্দুবালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় বকুল ও সোহেল নামের দুই ব্যক্তি কয়েক সহযোগীকে নিয়ে রাতে ইউসুফকে ছুরি মেরে পালিয়ে যায় বলে সে মৃত্যুর আগে স্বজনদের জানিয়ে গেছেন।”
তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি জানান, আহত অবস্থায় ইউসুফকে রাতেই মগবাজারের রাশমনো হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউসুফ বাবার রিকশা গ্যারেজ দেখাশুনা করতেন বলে পরিদর্শক ত্রিপা সিন্দুবালা জানান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৬৪০ ঘ.
bdnews24