টাঙ্গাইল, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পুলিশের নির্যাতনে নিহত কৃষক লাল মিয়ার স্ত্রীর মামলায় চার পুলিশকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মামলার আসামি বাসাইল থানার সহকারী উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, সুরুজ্জামান, কনস্টেবল সারোয়ার হোসেন ও শামীম রেজাকে কারাগারে পাঠানো হয়। মামলার আরেক আসামি বাসাইল থানার ‘দালাল’ হিসেবে পরিচিত বজলুর রহমান হেলাল পলাতক।
বুধবার রাতে লাল মিয়ার স্ত্রী নুরজাহান বাদী হয়ে চার পুলিশসহ পাঁচজনকে আসামি করে বাসাইল থানায় চাঁদাবাজি ও হত্যা মামলা করেন।
বাসাইল থানার ওসি মোখলেছুর রহমান জানান, মামলার দায়েরের পরই চার পুলিশকে লাইন থেকে গ্রেপ্তার করা হয়।
“বৃহস্পতিবার আদালতের মাধ্যমে চার পুলিশকে কারাগারে পাঠানো হয়েছে।”
মঙ্গলবার বিকালে উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্না গ্রামের কৃষক লাল মিয়াকে চার পুলিশ সদস্য পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এ ঘটনায় দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। রাতে জনতা বিক্ষোভ মিছিল থেকে হরতালের ডাক দেয় এবং বুধবার বাসাইলে হরতাল পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭২৬ ঘ.
bdnews24