ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ১৩ নম্বরের ঈমাননগরে একটি বস্তি উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে বস্তিবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঈমাননগরের বাইশটেকি বস্তি উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পুলিশ ও মেজিস্ট্রেট নিয়ে গৃহায়ন কর্তৃপক্ষ বস্তিটি উচ্ছেদ করতে যায়।
এ সময় বস্তিবাসী তাদের বাধা দিরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই বস্তির বাসিন্দা মাহবুব আলম অভিযোগ করেন, “কর্তৃপক্ষ আগে থেকে কোনো নোটিশ না দিয়েই আমাদের উচ্ছেদ করছে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রী আমাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। কিন্তু সে আশ্বাস বাস্তবায়ন না করেই আমাদের জোর করে তুলে দেয়া হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/জেকে/১২৪৫ ঘ.
bdnews24