এস এম নাদিম মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত সাড়ে তিন বছরে চার শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পাঁচটি তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
আর তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারণেই বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত অস্থিতিশীলতা চলছে বলে মনে করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, প্রশাসন এসব ক্ষেত্রে ‘নিরব ভূমিকা’ পালন করেছে। এ সময়ে শিক্ষার্থীদের মধ্যে অর্ধশতাধিক সংঘর্ষের ঘটনা নিয়েও কর্তৃপক্ষের কোনো মাথাব্যাথা দেখা যায়নি।
সর্বশেষ গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরে মধ্যে সংঘর্ষে ঘটনায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার পর বিষয়টি আবারো আলোচনায় উঠে আসে।
টেলিভিশনে ওই সংঘর্ষের ভিডিওতে ছাত্রদের প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি ছুড়তে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক নুরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু সীমাবদ্ধতার কারণে তদন্ত প্রতিবেদনগুলোর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া অনেক জটিল প্রক্রিয়া।”
“তবে আগামীতে তদন্ত কমিটির সুপারিশগুলো গুরুত্ব সহকারে দেখা হবে”, বলেন প্রো-ভিসি।
দুটি হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা অধ্যাপক গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত প্রতিবেদনে আমরা জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ করেছি। এর বাস্তবায়নের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিন্ডিকেট সদস্যদের।”
চার হত্যাকাণ্ড ও পাঁচ তদন্ত কমিটি
বর্তমান সরকার ক্ষমতায় আসার এক মাসের মাথায় ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব নেন নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক আব্দুস সোবহান। এর এক সপ্তাহ পর ১৩ ফেব্রুয়ারি ছাত্রলীগ-শিবির ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নিহত হন ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
এর এক বছর পর ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে একসঙ্গে হামলা চালায় ছাত্র শিবির। ওই রাতে গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয়া হয় ম্যানহোলে। রগ কেটে দেয়া হয় কয়েকজন ছাত্রলীগ নেতারার।
ওই ঘটনায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবিরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছে, তা সিন্ডিকেটের অনুমোদনই পায়নি।
একই ঘটনায় বিশ্ববিদালয়ের নিবন্ধক অধ্যাপক এম এ বারীর নেতৃত্বে আরেকটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি হত্যাকাণ্ডে জড়িত ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করলে তাও বাস্তবায়ন হয়নি।
২০১০ সালে আওয়াল কবির জয়কে সভাপতি ও মাজেদুল ইসলাম অপুকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠন করা হয়। এ কমিটির র্র্অন্তদ্বন্দ্বে অন্তত ২৫টি সংঘর্ষ হয় এরপর।
২০১০ সালেরই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কাঙ্গালিভোজ বিতরণকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নাসিরুল্লাহ নাসিমকে বঙ্গবন্ধু আবাসিক হলের দ্বিতীয় তলা থেকে ফেলে দেয়া হয়। ২৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাসিমের।
নাসিমের মৃত্যুতে শাহ মখদুম হলের আবাসিক শিক্ষক ড. রুহুল আমিনকে আহ্বায়ক করে গঠিত ১০ সদেস্যের তদন্ত কমিটির সুপারিশের ভাগ্যেও জোটে একই পরিণতি। ফলে কমিটির প্রতিবেদনে যে ১০ শিক্ষার্থীর নাম আসে, শাস্তি হয়নি তাদের কাউকেই।
অবশ্য নাসিম হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় শাখা বিলুপ্ত করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এর দশ মাস পর ২০১১ সালের ২৫ জুন আহমেদ আলীকে সভাপতি ও আবু হোসাইন বিপুকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা গঠন করা হয়। কিন্তু র্র্অন্তদ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারেনি এই কমিটিও।
সর্বশেষ গত ১৬ জুলাই নিজের দলের কর্মীদের হাতে খুন হন ছাত্রলীগ কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সোহেল। পদ্মা সেতুর নামে চাঁদা তোলা নিয়ে আবসিক হলে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকার হাসপাতালে তার মৃত্যু হয়।
সোহেল হত্যার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ অধ্যাপক গোলাম কবীরের সঙ্গে আরো পাঁচ শিক্ষককে দায়িত্ব দেন। কমিটি গত ২৯ অগাস্ট প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের অভিমত
বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমীরুল ইসলামের আশঙ্কা, সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছে, সেগুলোও হয়তো আগের মতো উপেক্ষিত থেকে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এগুলো হচ্ছে দায়সাড়াভাবে তদন্ত কমিটি গঠন করে পার পাওয়ার চেষ্টা। এ কারণেই ক্যাম্পাসে অস্থিতিশীলতা কমছে না। দোষীদের শস্তি হওয়া জরুরি।”
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা মানুষ মেরে ফেলতে পারে, তারা ছাত্র হতে পারে না। এরা সন্ত্রাসী।”
“আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেবল দায়সাড়াভাবে তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তামাশা দেখবে- তা হতে পারে না”, বলেন তিনি।
জিন প্রকৌশল বিদ্যার শিক্ষার্থী মনিমুল আলম বলেন, হত্যাকারীদের শাস্তি হলে বাবা-মাকে আর এভাবে সন্তানের লাশ পেতে হতো না।
ছাত্র সংগঠনগুলোর বক্তব্য
ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের সুপারিশের বাস্তবায়ন হলে তারা ‘খুশি’ হতেন।
‘বহিস্কার’ হওয়া ছাত্রনেতারা কীভাবে সংগঠনে আবার ভূমিকা রাখে এ ব্যাপারে জানতে চাইলে উত্তর এড়িয়ে যান দুই ছাত্রলীগ নেতাই।
ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বলেন, “প্রশাসন কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? নিজেদের ছেলেদের (ছাত্রলীগ) বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা তো প্রশাসনের নেই।”
ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন অভিযোগ করেন, প্রশাসন বরাবারই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে মদদ দিয়ে যাচ্ছে।
আর শাস্তি না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে বলে মনে করেন ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ।
তিনি বলেন, অন্যায়কারীদের আশ্রয় দিলে তারাও যে এক সময় আশ্রয়দাতাদের জন্য ভয়ের কারণ হতে পারে সে কথাটি প্রশাসনের মনে রাখা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১০০১ ঘ.
bdnews24