২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লবণের জন্য ভাড়া করা ট্রাকে তোলা হয় অস্ত্র’

চট্টগ্রামে সিইউএফএলের ঘাটে যে সব ট্রাকে অস্ত্র বোঝাই করা হয়েছিল সেগুলোর সাতটি লবণ পরিবহনের কথা বলে ভাড়া নেয়া হয়েছিল বলে আদালতে এক সাক্ষী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সিইউএফএলের ঘাটে যে সব ট্রাকে অস্ত্র বোঝাই করা হয়েছিল সেগুলোর সাতটি লবণ পরিবহনের কথা বলে ভাড়া নেয়া হয়েছিল বলে আদালতে এক সাক্ষী জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান বন্দরনগরীর দেওয়ানহাট থেকে ওই ট্রাকগুলো ভাড়া করেছিলেন। ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী কদমতলীর গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক মো. হাবিবুর রহমান বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর আদালতে এ কথা বলেছেন। তিনি বলেন, “তার ট্রান্সপোর্ট থেকে ভাড়া করা সাতটি ট্রাকে সিইউএফএল জেটি ঘাটে দুটি ট্রলার থেকে খালাস করা অস্ত্র বোঝাই করা হচ্ছিল।” এনএসআই’র মাঠ কর্মকর্তা আকবর তার পূর্ব পরিচিত ছিলেন জানিয়ে হাবিবুর আদালতকে বলেন, “সে সময় এনএসআই’র কর্মকর্তা লিয়াকতকে ‘আবুল হোসেন’ বলে পরিচয় করিয়ে দেয় আকবর।” দুপুর পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত সাক্ষ্য দেন হাবিবুর। এরপর বিরতি শেষে বিকাল পর্যন্ত তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। তিনি জানান, “২০০৪ সালের ১ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে এনএসআই’র তৎকালীন কর্মকর্তা আকবর হোসেন অপর একজনকে সাথে নিয়ে আমার অফিসে আসেন। তিনি ওই ব্যক্তিকে আবুল হোসেন বলে পরিচয় করিয়ে দেন। “কিছুক্ষণ বসার পর তারা পটিয়ার ইন্দ্রপুল থেকে সিলেটের মৌলভীবাজারে লবণ পরিবহনের জন্য সাতটি ট্রাক প্রয়োজন বলে আমাকে জানান।” তখন অফিসের ম্যানেজার তসলিম মল্লিক প্রতিটি ছয় হাজার টাকা করে সাতটি ট্রাক ভাড়া করে আকবর হোসেনকে বুঝিয়ে দেন বলে জানান গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক মো. হাবিবুর। সেখান থেকে প্রতিটিতে ৫০০ টাকা করে সাড়ে তিন হাজার টাকা কমিশন পান বলেও জানান তিনি। হাবিবুর বলেন, “পরদিন ২ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে টেলিফোনে খবর পাই, ট্রাকগুলো অস্ত্রসহ সিইউএফএল ঘাটে আটক হয়েছে।” এ বিষয়ে খবর নেয়ার জন্য প্রথমে ম্যানেজার তসলিমকে সিইউএফএল ঘাটে পাঠান জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ে পরে তাকে সেখান থেকে চলে যেতে বলেন। অবশ্য ওই ট্রাকে কিছু লবণ তোলা হয়েছিল বলেও তিনি আদালতকে জানান। তবে লবণগুলো কোন জায়গা থেকে তোলা হয়েছিল তা তার জানা ছিল না। সাক্ষ্য শেষে আদালতের হাজতে থাকা লিয়াকত হোসেনকে ট্রাক ভাড়া করার সময় ‘আবুল হোসেন’ নামে পরিচয় দেয়া ব্যক্তি হিসেবে সনাক্ত করেন হাবিবুর রহমান। সাক্ষ্য শেষে আসামি আকবর হোসেনের আইনজীবী মো. শাহাবুদ্দিন এদিন তাকে জেরা করেন। বিকালে জেরা শেষে বিচারক বৃহস্পতিবার সকাল পর্যন্ত আদালত মুলতবি করেন। ওইদিনও হাবিবুর রহমানকে ফের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএইচ/১৯৩৬ ঘ.