বরগুনা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সড়ক ও জনপথ বিভাগের কাজের অনিয়ম নিয়ে সংবাদ করায় একটি জাতীয় দৈনিকের নিজস্ব প্রতিবেদককে হত্যার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত।
মঙ্গলবার রাতে হুমকি দেয়ার পর প্রথম আলোর বরগুনা জেলার নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জসীম উদ্দীন সাংবাদিকদের বলেন, রাত পৌনে ১০টার দিকে সুমন নামে এক যুবক মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেন।
“ফোনে সুমন বলেন, আমি তোর বাবা সুমন বলছি, তুই আমার চাচা সিদ্দিক মিয়ারে চিনিস না, সে তোর বাবা হয়। তুই তার বিরুদ্ধে লিখেছিস কেন? ...... পোলা তুই এখন কোথায়, তোর হাত কাইট্টা সাংবাদিকতার নাম ভুলাইয়া দিব। তোরে খুন করব,” বলেন জসীম।
সুমনের নেতৃত্বে ১৫-২০ যুবক প্রথম আলোর স্থানীয় কার্যালয়ের সামনে ও বেশ কয়েকটি স্থানে তাকে খোঁজে বলে দাবি করে জসীম বলেন, রাতেই বিষয়টি জেলা প্রশাসক মজিবুর রহমান ও পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথকে জানানো হয়। তার কাছে হুমকির রেকর্ডটিও আছে।
এসপি শ্যামল কুমার নাথ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। সাংবাদিকের নিরাপত্তা যাতে বিঘিœত না হয় সে ব্যাপারে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। জসিমের জিডিটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এদিকে বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকরা এক জরুরি সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২০ ঘ.
bdnews24