চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামিদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাশের একটি পাহাড়ের মাটি খুঁড়ে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকতার হোসেন (২৭) ছিলেন সিএনজি অটোরিক্সা চালক। তিনি নগরীর বায়েজিদ থানার জালালাবাদ এলাকার বটতলের কালু মিয়ার ছেলে। গত ৪ সেপ্টেম্বর নিখোঁজ হন তিনি।
বুধবার সকাল ১১টার দিকে আকতারের কঙ্কাল উদ্ধার করা হয় বলে জানান
হাটহাজারী থানার উপ- পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীর ছেলে জড়িত।
এসআই শরীফুল জানান, আকতার নিখোঁজ হওয়ার পর ১৫ সেপ্টেম্বর তার ভাই মো. রফিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী দোস্ত মোহাম্মদের ছেলে মো. আলম (৩০) এবং মো. আজম (২৮) নামের একজন এবং অজ্ঞাত কয়েক জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
এই দুজনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর আরেক কর্মচারী নূর মোহাম্মদের ছেলে সাইদ হাসান রাকিবকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আবু নাছের (৩২) নামেও এক জনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই আকতারের পূর্ব পরিচিত ছিল।
এসআই শরীফুল বলেন, “জিজ্ঞাসাবাদে এই চার জন গত ৫ সেপ্টেম্বর আকতারকে জবাই করে হত্যার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশের ওই পাহাড়ে পুঁতে রাখার কথা স্বীকার করেন।”
“আকতার তার সিএনজি অটোরিক্সা দুই লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেছিল। ওই টাকা ছিনিয়ে নিয়ে তাকে খুন করা হয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/১৮৪৫ ঘ.
bdnews24