ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের সময় যানজট নিরসনে সড়ক-মহাসড়কের পাশে গরুর হাট ইজারা দেবে না সরকার।
বুধবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আসন্ন কোরবানির ঈদে সড়কপথে জনগণের যাত্রা নির্বিঘœ করার লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।
কোরাবানির ঈদের সময় পশু পরিবহনের যানবাহনে চাঁদাবাজি বন্ধ এবং ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “সড়কের পাশে গরুর হাট বসানোর জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে ইজারা দেওয়া হয়। এসব গরুর হাট অধিকাংশ ক্ষেত্রে সড়কের ওপর চলে আসে। আগামী ঈদে সড়কের পাশে যেন গরুর হাট বসানোর জন্য ইজারা দেওয়া না হয় সেজন্য স্থানীয় সরকার বিভাগ হতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হবে।”
মন্ত্রী জানান, মহাসড়কের দুর্ঘটনা কবলিত এলাকায় যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত যান অপারণের জন্য মেঘনা ও গোমতি সেতুতে ক্রেন ও রেকারের ব্যবস্থা করা হবে।
ঈদের ১০ দিন আগে ভাঙাচোরা সড়কগুলো যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে কাদের বলেন, ইতোমধ্যে সড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে নয়টি তদারকি দল গঠন করা হয়েছে।
ঈদে বিআরটিসির বিশেষ সার্ভিস চালু রাখা এবং ২৪-২৮ অক্টোবর পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
অন্যবারের মতো এবারের ঈদেও ১৪টি বিশেষ ট্রেন চালু থাকবে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
গরুর ট্রাকে চাঁদাবাজির অভিযোগ
সড়ক পরিবহন শ্রমিক ফেরারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বিভিন্ন সড়ক থেকে বাজার ও অবৈধ দোকানপাট সরাতে সরকারকে অনুরোধ করেন।
রাস্তার ওপর গরুর বাজার ইজারা দেওয়ার সঙ্গে স্থানীয় সংসদ সদস্যরা জড়িত থাকে অভিযোগ করে তিনি বলেন, “তারা পৌরসভা ও সিটি কর্পোরেশনকে হাট ইজারা দিতে বাধ্য করে থাকেন। এতে যানজটের সৃষ্টি হয়।”
ঈদে পশু পরিবহনের ট্রাকে চাঁদাবাজি হয় উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, “এক বছরের ট্রাক থেকে যে টাকা (চাঁদা) আদায় করা হয়, তা দিয়ে একটি পদ্মা সেতু করা সম্ভব।”
এ সময় ওবায়দুল কাদের তাকে থামিয়ে সভার বিষয় নিয়ে কথা বলতে বলেন। শাজাহান খানও এই শ্রমিক নেতাকে পরে এ সব বিষয়ে কথা বলতে বলেন।
এরপর ওসমান বলেন, “কথাই যদি না শোনেন, যদি কথাই বলতে না দেবেন, তবে সিদ্ধান্ত নেবেন কি করে?”
যানজট নিরসনে মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকেরও দাবি জানান তিনি।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার বিভাগ ও সড়ক বিভাগের সচিব, র্যাবের মহাপরিচালক, যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-অধীদপ্তরের শীর্ষ কর্মকর্তা, ঢাকার পাশ্ববর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৮২৮ ঘ.
bdnews24