২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার-মামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

পল্টনে সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনে সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে এক ‘জরুরি সংবাদ ব্রিফিংয়ে’ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা আগামী ৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবেন। নেত্রকোনা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় রাতেই বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। পল্টন থানায় দায়ের করা দুটি মামলার মধ্যে একটিতে গাড়ি ভাংচুর, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি করা হয়েছে দ্রুত বিচার আইনে। এ দুটি মামলায় বুধবার দুপুরে কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোয়াজ্জেম হোসেন আলালকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। মঙ্গলবার শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে। সরকারি মদদপুষ্ট লোকজন গাড়ি-ভাঙচুর করে সমাবেশ পন্ড করে দিয়েছে।’’ “কেবল তাই নয়, তারা আমাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এর নিন্দা জানাই”, বলেন ফখরুল। তিনি অবিলম্বে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি এবং ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহেমদ অসীম, সাংসদ রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, জাসাস সভাপতি এম এ মালেক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬২০ ঘ.