টাঙ্গাইল, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ পানিতে চুবিয়ে একজনকে হত্যা করেছে এমন অভিযোগে- বাসাইল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বুধবার সকাল থেকে এ হরতালে উপজেলা সদরের দোকানপাট বন্ধ রয়েছে। কোনো যানবাহন চলাচল করছে না।
পুলিশ সুন্না গ্রামে লাল মিয়াকে (৪৫) পানিতে চুবিয়ে হত্যা করেছে- এমন অভিযোগে মঙ্গলবার বিকেলে এই হরতালের ডাক দেয় এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে বাসাইল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, সহকারী উপ-পরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল সারোয়ার হোসেন ও শামীম রেজা সাদা পোশাকে সুন্না গ্রামে গিয়ে লাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে পিটিয়ে পানিতে ফেলে চোবানো হয় বলে এলাকাবাসীর অভিযোগ।
মুমূর্ষু অবস্থায় লাল মিয়াকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় উত্তেজিত জনতা ঘটনার সঙ্গে জড়িত চার পুলিশকে পিটিয়ে আটকে রাখে।
বাসাইল থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেজিস্ট্রারে পুলিশ সদস্যদের সুন্না গ্রামে যাওয়ার কোনো বিবরণ ছিল না।
“ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করলে জনতা তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।”
চারজনকেই পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ওসি জানান, লাল মিয়ার লাশ মঙ্গলবার রাতে সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখানে বুধবার সকালে ময়নাতদন্ত করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) মো. আখেরুজ্জামান বলেন, সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা করারও প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩৫ ঘ.
bdnews24