২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর হত্যা মামলায় নির্দোষ দাবি এরশাদের

মঞ্জুর হত্যা মামলার অন্যতম আসামি হুসেইন মুহম্মদ এরশাদ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঞ্জুর হত্যা মামলার অন্যতম আসামি হুসেইন মুহম্মদ এরশাদ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ১৯৮১ সালের ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে সংঘটিত মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যাকা-ের সঙ্গে নিজের সম্পৃক্ততা ছিল না বলে উল্লেখ করে সাবেক রাষ্ট্র্রপতি ও সামরিক শাসক এরশাদ আদালতে লিখিত বক্তব্য দাখিল করেন। বক্তবের সারাংশ মৌখিকভাবে বর্ণনা করেন তিনি। মঙ্গলবার নির্ধারিত দিনে নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ মোসাম্মৎ জেসমিন আরা বেগমের আদালতে হাজির হন এরশাদ। এসময় অপর আসামি মেজর (অব.) কাজী এমদাদুল হকও আদালতে লিখিত বক্তব্য দেন এবং এর সারাংশ মৌখিকভাবে বর্ণনা করেন। অপর আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করলেও তারা কোনো লিখিত বক্তব্য দাখিল করেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। শেখ সিরাজ বলেন, আসামিদের কেউই নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেবেন না বলে জানিয়েছেন। বিচারক আগামি বছরের ১০ জানুয়ারি এ মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য দিন ঠিক করেন। এরশাদ ছাড়া মামলায় অভিযোগ পত্রভুক্ত আসামিরা হলেন- মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া, লে. কর্নেল (অব.) শামস, মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ। সব আসামিই হাইকোর্ট থেকে জামিনে আছেন। ১৯৮১ সালের ১ জুন মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যান মেজর কাজী এমদাদুল হক এবং সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মঞ্জুরের ভাই হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ২০১০ সালের ২৮ অক্টোবর তৎকালীন সেনাবাহিনী প্রধান আবু সালেহ মো. নাসিম ও তৎকালীন মহানগর হাকিম আবুল হাসেম আদালতে সাক্ষ্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এসইউ/২২৪০ ঘ.