২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

চট্টগ্রামের বাঁশখালীতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানান, গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গেজেটের মাধ্যমে মামলাটি স্থানান্তর করা হয়। মামলাটি চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। পিপি আবুল হাশেম জানান, গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেটটি পাঠানো হয়। গত প্রায় ১০ মাস ধরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক শূন্য রয়েছে। এ বিষয়ে আবুল হাশেম বলেন, “আশা করি শিগগিরই ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করা হবে।” ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে ওই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় বেঁচে যাওয়া তেজেন্দ্র শীলের ছেলে ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন। সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্রু ২০১১ সালের ৯ জানুয়ারি বিএনপি নেতা ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৯ জনকে আসামি করে এ অভিযোগপত্র দেন। এরপর ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এবছরের ১৯ এপ্রিল চাঞ্চল্যকর ওই ঘটনায় ৩৭ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলামের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি। এদিকে, গত ১৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে মামলাটির গতি নিয়ে হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম। সংবাদ সম্মেলনে তিনি মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য অন্য আদালতে স্থানান্তর ও অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপও কামনা করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/২০১৮ ঘ.