সাতক্ষীরা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে অস্ত্রসহ ‘বনদস্যু’ আব্দুল গফুরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নাপিতখালী গ্রাম থেকে আটক গফুর (৪০) ওই গ্রামের মুনছুর হাওলাদারের ছেলে।
শ্যামনগর থানার ওসি আমির তৈমুর ইলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ দুপুরে বনদস্যু আব্দুল গফুরের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তল্লাশি চালিয়ে দেশে তৈরি দুইটি শাটারগান এবং ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, আব্দুল গফুর একজন চিহ্নিত বনদস্যু। তার বিরুদ্ধ সুন্দরবনের গহীনে ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।
তিনি সুন্দরবনের রাজু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলেও তিনি জানান।
এ ঘটনায় শ্যামনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০০৪ ঘ.
bdnews24