ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় সমাবেশ হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষক- লেখক-শিল্পী-সংস্কৃতি ও রাজনৈতিক কর্মী’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং এতে প্রশাসনের কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, “রামুসহ দেশের বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তাতে দেশের ১৫ কোটি মানুষের চোখে জল না এসে পারে না।”
তিনি বলেন, “রামুর ঘটনা কোনো সাম্প্রদায়িক বিষয় নয়, এটি সম্পূর্ণ ঘৃণ্য রাজনৈতিক বিষয়। আমরা রাজনৈতিকভাবেই এর মোকাবেলা করব।”
সমাবেশে কান্না জড়িত কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকুমল বড়–য়া বলেন, “আমরা আক্রান্ত হয়েছি। আমাদের এই বিপদে আপনাদের পাশে চাই। আমাদের রক্ষা করুন।”
নাট্যকার মামুনুর রশিদ বলেন, “যে ঘৃণ্য ঘটনা রামুতে সংগঠিত হয়েছে তা একাত্তরের পাকিস্তানি সেনাদের বর্বরতাকেও হার মানায়।”
এই সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, “কতবার আমরা এই প্রতিবাদ সমাবেশ করব। এমন ঘটনা ঘটবে- আমরা প্রতিবাদ সমাবেশ করব। এই কি আমাদের নিয়তি?”
সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার, চারুকলার অধ্যাপক শিশির ভট্টাচার্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মো. হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯৫৪ ঘ.
bdnews24