২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় স্বাভাবিক হচ্ছে ফেরি চলাচল

পদ্মার পানি ও স্রোতের তীব্রতা কমতে শুরু করায় মাওয়া-কাওয়াকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার পানি ও স্রোতের তীব্রতা কমতে শুরু করায় মাওয়া-কাওয়াকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। মঙ্গলবার থেকে এ পথে চলাচলকারী ১৫টি ফেরির মধ্যে ১১টিই কোনো জাহাজের সহায়তা ছাড়াই বাসসহ সব ধরনের পরিবহন পারাপার করছে। তীব্র স্রোতের কারণে এই নৌ-পথে গত শুক্রবার সন্ধ্যায় সব ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ২০ ঘণ্টা পর আংশিকভাবে ফেরি চলাচল শুরু হয়। তবে সোমবার রাত পর্যন্ত তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে জাহাজ দিয়ে টেনে নিতে হচ্ছিল। ফেরি চলাচল বিঘিœত হওয়ায় মাওয়ায় তীব্র যানজটে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছে। এছাড়া এ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনেও সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এ সময় অনেক পণ্যবাহী ট্রাক মাওয়া ঘাটে আটকে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল হক সাংবাদিকদের বলেন, গত দু’দিন ধরে পদ্মায় পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার ছয়টি ফ্লাট বা ডাম্প ফেরি, তিনটি কে-টাইপ, একটি মিডিয়াম টাইপ ও একটি রো রো ফেরি পরিবহন পারাপার করছে। এ নৌপথে চলাচলকারী রো রো ফেরি শাহ মখদুম ও ফেরি যশোর মেরামতের জন্য কারখানায় রয়েছে, এছাড়া ফেরি লেন্টিং ও কিশোরীকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে, বলেন সিরাজুল ইসলাম। মাওয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট শাহাদৎ হোসেন সাংবাদিকদের বলেন, ফেরি চলাচলে স্বাভাবিকতা ফিরে আসায় মাওয়া ঘাটের ট্রাকের জটও কমে গেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাওয়ায় পারাপারের জন্য মাত্র ৪০টি মতো ট্রাক ঘাটে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৫৬ ঘ.