২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক এমডির ‘অনিয়ম স্বীকার’

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ নিয়ম ভেঙে সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ নিয়ম ভেঙে সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটির তলবে হাজির হয়ে মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তানভীর মাহমুদ ও মহা ব্যবস্থাপক তুষার আহমেদ। তাদের বক্তব্য শোনার পর উপ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সংসদ ভবনে সাংবদিকদের বলেন, “সোনালী ব্যাংকের ঋণ গ্রহণ প্রক্রিয়ায় সুনির্দিষ্ট অনিয়ম পেয়েছি আমরা। এছাড়া অনেকগুলো অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। হলমার্কের ঋণ গ্রহণে অনিয়ম যে হয়েছে তা হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করেছেন।” তাজুল ইসলাম জানান, তানভীরের কাছে কমিটি কিছু নথি চেয়েছে। এর মধ্যে তিনি কিছু নথি দিয়েছেন, বাকিগুলো বৃহস্পতিবারের মধ্যে জমা দেবেন। “তার বক্তব্য ও নথি পরীক্ষা করে আমরা মোটামুটিভাবে সম্মত যে তিনি অনিয়মতান্ত্রিকভাবে ঋণ নিয়েছেন।” সম্ú্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা ধরা পড়ে। এর মধ্যে হলমার্ক গ্রুপই তুলে নেয় আড়াই হাজার কোটি টাকার বেশি। এ ঘটনা খতিয়ে দেখতে গত ৩ সেপ্টেম্বর এই উপ-কমিটি গঠন করে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রাষ্ট্রীয় চার ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের ১০টি বড় অঙ্কের ঋণ প্রদানের ঘটনাও তদন্ত করবে এ কমিটি। অর্থ কেলেঙ্কারির ঘটনা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মীর জয়নাল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দলও কাজ করছে। এ ঘটনায় দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কেলেঙ্কারির ঘটনায় নাম আসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। স্বাস্থ্য উপদেষ্টাকে সংসদীয় কমিটিতে তলব করা হবে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “যাদেরকে প্রয়োজন মনে হবে তাদের আমরা ডাকব।” তদন্ত প্রতিবেদন কবে দেয়া হবে জানতে চাইলে তাজুল বলেন, “যতো তাড়াতাড়ি সম্ভব আমরা প্রতিবেদন দেব।” কারা এ ঘটনায় জড়িত- চূড়ান্ত প্রতিবেদন হওয়ার পর তা জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। উপ কমিটির প্রধান জানান, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের বুধবার কমিটিতে তলব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমএইচসি/জেকে/১৭৩২ ঘ.