ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ মন্দির ও স্থানীয় জনগণের নিরাপত্তা দিতে পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে হাই কোর্টে একটি রিট হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও রামু উপজেলার বাসিন্দা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া মঙ্গলবার মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে এই রিট আবেদনটি উপস্থাপন করেন। বুধবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী বি এম ইলিয়াস।
রিটে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও ঘটনার সময় রামু থানায় দায়িত্বরত ওসিকে আদালতে তলবের আর্জি জানানো হয়েছে।
একইসঙ্গে বৌদ্ধ মন্দির ও স্থানীয় জনগণকে রক্ষা এবং হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের ‘নিষ্ক্রিয়তাকে’ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবশিষ্ট মন্দির ও ঘর-বাড়ি রক্ষায় কেন নির্দেশনা দেয়া হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে আবেদনে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং রামুর ওসিকে বিবাদী করা হয়েছে এই রিটে।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো তৎপর হলে ঘটনা এতো বড় হতে পারত না। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রোববার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার কাছেও এ অভিযোগ তুরে ধরেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ ও সার্বিক ঘটনা তদন্তে রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গাফিলতির অভিযোগের মধ্যেই রামু থানার ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৬১৫ ঘ.
bdnews24