২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দপ্তরবিহীন মন্ত্রী: রিটের শুনানি রোববার

মন্ত্রিপরিষদে সুরঞ্জিত সেনগুপ্তকে ‘দপ্তরবিহীন মন্ত্রী’ হিসাবে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শোনার জন্য আগামী ৭ অক্টোবর দিন রেখেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিপরিষদে সুরঞ্জিত সেনগুপ্তকে ‘দপ্তরবিহীন মন্ত্রী’ হিসাবে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শোনার জন্য আগামী ৭ অক্টোবর দিন রেখেছে হাই কোর্ট। ড. তুহিন মালিক নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ‘দপ্তরবিহীন মন্ত্রী পদের’ বৈধতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার এই রিট আবেদন করেন। মঙ্গলবার বিষয়টি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে তোলা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়ে আবেদন করেন। রিটকারী সাংবাদিকদের বলেন, “আদালত অ্যাটর্নি জেনারেলের সময়ের আবেদন মঞ্জুর করেছেন। আগামী রোববার দুপুরের পর এ বিষয়ে শুনানি হবে।” তুহিন মালিক এই রিট আবেদন করার পর রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ তা শুনতে বিব্রত বোধ করেন। এরপর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে আবেদনটি তোলা হয়। রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেছেন এই আইনজীবী। একইসঙ্গে ওই পদে সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বন্ধের জন্য তিনি আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছেন। এই আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনকারী বলেন, “মন্ত্রিপরিষদে কাউকে ডাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পূর্ণ এখতিয়ার রয়েছে। কিন্তু কেউ পদত্যাগ করার পর গ্রহণ করা বা না করার বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে না। কেউ পদত্যাগ করলে তাকে মন্ত্রী রাখতে হলে আবার শপথ দিতে হবে।” তিনি বলেন, বাংলাদেশের সংবিধান ও আইনে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর কথা বলা হয়েছে। কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী বলে কিছু নেই। “এটা সাময়িকভাবে করা যেতে পারে। কিন্তু কাউকে এভাবে দীর্ঘদিন দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা যায় না। সর্বশেষ পুনর্গঠনের সময়ও সুরঞ্জিতের জায়গা হয়নি। এভাবে কোনো কাজ না দিয়ে জনগণের টাকা থেকে সুবিধা দেওয়া আইনত বৈধ নয়।” ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত এপ্রিলে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সুরঞ্জিতের আবেদনে তাকে রেল মন্ত্রণালয় থেকে সরিয়ে ‘দপ্তরবিহীন’ মন্ত্রী হিসাবে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৩০ ঘ.