ঢাকা, ০২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার এক ডোবা থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোমা বেগম (৯) ও উর্মি বেগম (৮) মোহাম্মদপুরের নূরজাহান রোড উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
সোমবার সকালে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর তারা আর না ফেরায় পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেয়া হয়েছিল।
মোহাম্মদপুর থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে ওই ডোবায় দুই শিশুর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সোমার বাবা আলাউদ্দিন একজন দিনমজুর। আর উর্মির বাবা সিরাজউদ্দিন আটোরিকশা চালান।
ওসি বলেন, “সোমা ও উর্মি স্কুল থেকে না ফেরায় দুই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। তারা এলাকায় মাইকিং ছাড়াও থানায় সাধারণ ডায়েরি করেন। শিশু দুটির খোঁজে পুলিশ তৎপর ছিল।”
মঙ্গলবার দুপুরে বছিলা খ্রিস্টান হাউজিং সংলগ্ন ডোবায় স্থানীয় কয়েকজন গোসল করতে নেমে পানির নিচে এক শিশুর লাশ দেখতে পান। কাছাকাছি একটি বাঁশের খুঁটিতে আটকে থাকতে দেখা যায় আরেক শিশুর লাশ।
এ ঘটনায় এলাকায় হৈ চৈ পড়ে গেলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে বলে জানান ওসি।
তিনি বলেন, “শিশু দুটিকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগ পরিবারের কেউ করছে না। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৪৫৭ ঘ.
bdnews24