সাভার, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত সেনা সদস্য জেসমিন ফারুক (৪০) সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের সার্জেন্ট।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৬টার দিকে তিনি রেডিও কলোনির ভাড়া বাসা থেকে প্রতিদিনের মতো পিটিতে যোগ দিতে যাচ্ছিলেন।
পথে সিএন্ডবি এলাকার কলমা রোডে পৌঁছলে একটি মটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী সার্জেন্ট জেসমিনের গতিরোধ করে।
এ সময় তার পকেটে থাকা মোবাইল ফোন হাতিয়ে নিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
জেসমিনের চিৎকারে আশাপাশের লোকজন ও তার সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে সাভার সিএমএইচ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় তার সহকর্মী সার্জেন্ট ওসমান আলী বাদী হয়ে দুপুরে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফো রডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪০ ঘ.
bdnews24