চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের অস্ত্রের আঘাতে এক যুবক নিহত ও অন্তত চারজন আহত হয়েছে।
নিহত এনামুল (২৫) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শ্যামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইমাম হোসেন (২২)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল মঞ্জুরুল আলম জানান, মঙ্গলবার ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ওই পাঁচ বাংলাদেশি বিএসএফ জওয়ানদের সামনে পড়েন।
“ভোর সাড়ে ৩টার দিকে মাসুদপুর সীমান্তের কাছে পদ্মা নদী দিয়ে গরু নিয়ে আসার সময় ভারতের মালদহ জেলার ২০ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।”
এতে ঘটনাস্থলেই এনামুল নিহত ও ইমামসহ চারজন আহত হন। পরে সঙ্গীরা এনামুলের লাশ উদ্ধার করে এপারে নিয়ে আসে বলে বিজিবি কর্মকর্তা জানান।
এর আগে গত সেপ্টেম্বরে শিবগঞ্জের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর নির্যাতন ও গুলিতে চার বাংলাদেশি আহত ও একজন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪৯ ঘ.
bdnews24