নেত্রকোনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ও বিরোধী দল একই স্থানে সভা ডাকায় নেত্রকোনা জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সদর মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ এবং বিরোধী ১৮ দলীয় জোট শহরের মোক্তারপাড়া মহুয়া অডিটরিয়ামে মঙ্গলবার সকালে সভা করার ঘোষণা দেয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহুয়া অডিটরিয়াম ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে একদল যুবক ওই অডিটরিয়ামের সামনে ১৮ দলীয় জোটের একটি তোরণ পুড়িয়ে দেয়। পরে রাত পৌনে ১০টার দিকে ছোট বাজারে জেলা বিএনপির কার্যালয়েও হামলা ও ভাংচুর হয়।
তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেননি ওসি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার সাংবাদিকদের জানান, মহুয়া অডিটরিয়ামে ১৮ দলীয় জোটের কর্মী সভা করার জন্য ২৫ দিন আগে অনুমতি নেয়া হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের উপস্থিত থাকার কথা রয়েছে।
সেই সভা পণ্ড করতেই সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগ একই সময়ে সভা ডেকেছে বলে অভিযোগ করেন তিনি।
তোরণে আগুন ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের জন্য সরকার সমর্থকদের দায়ী করেন আবু তাহের।
তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রনি সাংবাদিকদের বলেন, বিএনপির ‘বিক্ষুব্ধ অংশই’ তোরণে আগুন দিয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় মহুয়া অডিটরিয়ামে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ ডাকা হয়েছে বলে জানান ছাত্রলীগ সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০৮৪৫ ঘ.
bdnews24