ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণের আশ্বাস পেয়ে ব্রাহ্মণবাড়িয়া বাস মিনিবাস মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ ১০ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছে।
জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন মালিকদের এক বৈঠকের পর সোমবার বিকাল ৪টায় ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে পরিবহন নেতারা জানান।
সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, ইজিবাইক, হিউম্যানহলার মহাসড়কে চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে ভোর ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট শুরু হয়।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক যৌথ সংগ্রাম পরিষদ এ ধর্মঘটের ঘোষণা দেয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, জেলা প্রশাসক তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়ার পর তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, তাদের ছয় দফা দাবি পর্যায়ক্রমে মানা হবে।
বৈঠকে জেলা প্রশাসক ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24