২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ

কক্সবাজারের রামুতে বৌদ্ধদের মন্দির ও বসতিতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

খাগড়াছড়ি, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধদের মন্দির ও বসতিতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন বিক্ষোভ করেছে। সোমবার সকালে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ বিক্ষোভ করে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। সকাল ১১টায় খাগড়াছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার, মহাজন পাড়া ঘুরে আবার উপজেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিল। সেখানে খাগড়াছড়ি পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উমেশ চাকমার সভাপতিত্বে এক সমাবেশে বক্তৃতা করেন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জিকো মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহ সাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা ও খাগড়াছড়ি হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মাদ্রী চাকমা। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও বিধ্বস্ত বিহার ও বুদ্ধমূর্তি পুনঃনির্মাণের দাবি জানান। আক্রান্ত জনগণের পাশে দাঁড়াতে দেশের গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২০ ঘ.