২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ বসতিতে হামলার ঘটনায় আটক ১৬৬

কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় মোট ১৬৬ জনকে আটক করা হয়েছে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা/রামু, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় মোট ১৬৬ জনকে আটক করা হয়েছে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সোমবার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক অনুষ্ঠানে তিনি বলেন, কক্সবাজারের ঘটনায় ৯৩ জনকে এবং চট্টগ্রাম থেকে ৭৩ জনকে আটক করা হয়েছে। “সাম্প্রদায়িকতার বিষবাষ্প যারা ছড়াতে চায় তাদের প্রতি কঠোর হবে সরকার। এরা যাতে অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে”, বলেন মন্ত্রী। অবশ্য কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার রামুর ঘটনায় সোমবার বেলা ১টা পর্যন্ত ৮৫ জনকে আটক করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাববার থেকে রামু ও উখিয়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। রামুর ঘটনায় রোহিঙ্গা শরণার্থীরা জড়িত ছিল কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের কাছে এ ধরনের প্রতিবেদন এসেছে। কিন্তু এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।” তবে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এবং কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গারা যাতে নির্ধারিত এলাকার বাইরে চলাফেরা না করতে পারে তা নিশ্চিত করতে আইনশঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বরে মন্ত্রী জানান। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উগ্রপন্থীদের হামলার শিকার এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমসি/এমডি/এএইচ/জেকে/১৩২৫ ঘ.