২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের পথে শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রে আট দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে আট দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাত ১১টা ২০এ (বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা ২০) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে দেয়া ভাষণে বিশ্ব ব্যাংক ও আইএমএফের মতো বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার দাবি করেন তিনি। এছাড়া তিনি নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে নৈশভোজে অংশ নেন এবং শন্তিরক্ষা, অটিজম ও জলবায়ু ঝুঁকি মোকাবেলা বিষয়ক বিভিন্ন বৈঠক ও সম্মেলনে যোগ দেন। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক নাগরিক সংবর্ধনায়ও অংশ নেন তিনি। রোববার ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়ার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানেও বক্তব্য দেন। অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০১ ঘ.