ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় জামিন নিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের বেঞ্চে হাজির হয়ে ওবায়দুল আবেদন করেন। আদালত তাকে দুই মাসের জামিন দেয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা এই মামলায় আওয়ামী লীগের এই নেতার স্ত্রীকেও আসামি করা হয়েছিল।
তবে স্ত্রীর বিরুদ্ধে মামলা উচ্চ আদালত ইতোমধ্যে বাতিল করেছে বলে জানিয়েছেন কাদেরের কৌঁসুলি সাঈদ আহমেদ রাজা।
সম্পদের বিবরণী চেয়ে ২০০৭ সালের ২৯ মে দুর্নীতি দমন কমিশন কাদেরকে নোটিস দিয়েছিল। এর পর ওই বছরের ৩০ অক্টোবর রমনা থানায় মামলাটি হয়। পরের বছরের ১৭ এপ্রিল কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
এই মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের গ্রেপ্তারও হয়েছিলেন। ২০০৮ সালের ৪ অগাস্ট জামিন পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৩৩ ঘ.
bdnews24